জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল জুলাই যোদ্ধাদের
জুলাই গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারি ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পরপরই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এ সময় মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে তারা উচ্চস্বরে আপত্তি জানালে পুরো হলজুড়ে হট্টগোলের সৃষ্টি হয়।
প্রতিবাদের মধ্যেই অনুষ্ঠানে উপস্থিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বক্তব্য শুরু করলে উপস্থিত কয়েকজন অংশগ্রহণকারী “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকেন। এতে অনুষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে মঞ্চে উঠে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে তার আহ্বানের পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এবং প্রতিবাদ অব্যাহত থাকে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তিনি আন্দোলনের অন্যতম নেতৃত্ব ও এনসিপির নেতা আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। আক্তার হোসেন উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান এবং উত্থাপিত অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তার বক্তব্যের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় এবং অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়।
এ ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে ডকুমেন্টারির বিষয়বস্তু নিয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে, এনসিপি নেতা আক্তার হোসেনের আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় সে একই অভিযোগ এনে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মীসহ অডিটোরিয়াম থেকে প্রস্থান করেন৷







