ই-পেপার

গোল্ডেন বুট, বল ও গ্লাভস—কার ভাগ্যে কোন পুরস্কার?

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনায় মাতানো ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ অধ্যায়ে। বাকি আছে শুধু ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী—এই দুই ম্যাচ। শিরোপার পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দু ব্যক্তিগত পুরস্কারগুলোও। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসসহ বিভিন্ন স্বীকৃতির দৌড়ে কারা এগিয়ে আছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা ও হিসাব-নিকাশ।

আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। বিশ্বকাপ ট্রফির পাশাপাশি আসরসেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হবে ফিফার ছয়টি ব্যক্তিগত পুরস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভের দিকে। আসরের সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার এবং সেরা গোলরক্ষক এই তিন মর্যাদাপূর্ণ পুরস্কারের দাবিদার হবেন।

গোল্ডেন বুট

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ফিফা গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে দেখা হবে অ্যাসিস্ট সংখ্যায় কে এগিয়ে। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়ই জিতবেন গোল্ডেন বুট।

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দাবিদার যারা

বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি মেসি ও এমবাপে। দুই অধিনায়কেরই গোল সমান ৮টি করে, তবে  অ্যাসিস্টে এগিয়ে মেসি (৪), এমবাপের অ্যাসিস্ট ৩টি। দুজনের সামনেই একটি করে ম্যাচ বাকি। কারণ ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে।

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ৮ গোল, ৩ অ্যাসিস্ট
হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট
উসমান দেম্বেলে (ফ্রান্স) — ৬ গোল, ২ অ্যাসিস্ট
মিকেল ওয়ারজাবাল (স্পেন) — ৫ গোল, ১ অ্যাসিস্ট

গোল্ডেন বল

আর্জেন্টিনাকে দীর্ঘ সাড়ে তিন দশকের বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কাতারে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং টুর্নামেন্ট কভার করা স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমের ভোটে আসরের সেরা ফুটবলার নির্বাচিত করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পান যথাক্রমে সিলভার বল ও ব্রোঞ্জ বল।

১৯৭৮ সালে চালু হওয়া এই পুরস্কার অনেক সময় এমন খেলোয়াড়ও জিতেছেন, যাদের দল বিশ্বকাপ জিততে পারেনি। যেমন– জিনেদিন জিদান (২০০৬), লিওনেল মেসি (২০১৪ ও ২০২২) এবং লুকা মদ্রিচ (২০১৮)। কারণ, ফাইনাল শুরুর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়। এখন পর্যন্ত একমাত্র গোলরক্ষক হিসেবে ২০০২ সালে গোল্ডেন বল জিতেছিলেন অলিভার কান।

মেসিই একমাত্র ফুটবলার, যিনি দুইবার গোল্ডেন বল জিতেছেন। ৩৯ বছর বয়সী মেসি এবারও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষে। তার সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে ও স্বদেশি সতীর্থ মাইকেল অলিসে। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, নরওয়ের আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভ

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সর্বশেষ আসরে এই সম্মান অর্জন করেছিলেন। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচনের ক্ষেত্রে পুরো টুর্নামেন্টজুড়ে পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ মুহূর্তে সেভ, ক্লিন শিট এবং দলের সাফল্যে অবদানকে গুরুত্ব দেওয়া হয়। ১৯৯৪ সালে প্রবর্তিত এই পুরস্কারটি ২০১০ সাল পর্যন্ত ‘লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ছিল। উল্লেখযোগ্যভাবে, গত পাঁচটি বিশ্বকাপের চারজন সেরা গোলরক্ষকই শেষ পর্যন্ত শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।

এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সেভ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাকে নিয়ে ইন্টার মায়ামির আগ্রহের খবরও প্রকাশিত হয়েছে। এ ছাড়া নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031