ই-পেপার

প্রতারণা মামলায় তিশার বিরুদ্ধে আদালতের সমন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

সম্প্রতি একটি অনলাইন ফ্যাশন পেজের করা প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আদালত সমন জারির করেছেন। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। বনানী ক্লাবে আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ডের এক সংবাদ সম্মেলনে মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন তিশা।

গত বছরের শেষের দিকে একটি অনলাইন ফ্যাশন পেজের ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির প্রচারণা এবং তার মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিশার বিরুদ্ধে মামলা করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। সেই মামলায় আগামী ১৩ আগস্ট অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিয়ে তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাবো। আমারও ইচ্ছে হয়েছিল আমার সাথে কী ঘটেছে আমি কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো এবং আমার আইনজীবী আছে, আইনিভাবে মোকাবিলা করবো।’

দীর্ঘ ক্যারিয়ারের সততা নিয়ে প্রশ্ন তোলায় নিজের ক্ষোভ ও উষ্মা প্রকাশ করে তিশা বলেন, ‘মডেলিং, নাটক সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর কাজ করছি। যেদিন প্রথম সিনেমার (সোলজার) শুটিং করি পরদিন লিগ্যাল নোটিস আসে। এর কদিন পর মামলা হয়। আমি মনে করি, কেউ যদি উপরে উঠতে থাকে তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। ১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইনের শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য?’

সংবাদ সম্মেলনে নিজের লড়াই ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই তারকা আরও বলেন, ‘আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

উল্লেখ্য, বর্তমানে তিশা ব্যস্ত আছেন তাঁর ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এবং সান মোশন পিকচার্সের প্রযোজনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031