ই-পেপার

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হয় ফ্রান্স ও মরক্কো। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে মরক্কোর ওপর চাপ সৃষ্টি করে ফ্রান্স। এমবাপে ও ডেম্বেলেদের একের পর এক আক্রমণে ব্যস্ত থাকতে হয় মরক্কোর রক্ষণভাগকে। ম্যাচের চার মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ফ্রান্স। তবে দায়ো উপামেকানোর হেড গোললাইন থেকে দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।

২৫ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ডি-বক্সে কিলিয়ান এমবাপেকে ফাউল করেন নাসের মাজরাউই। তবে ইয়াসিন বুনু দুর্দান্ত সেভ করে এমবাপের পেনাল্টি ঠেকিয়ে প্রথমার্ধে দলকে সমতায় রাখেন।

বিরতির পর এমবাপেকে সামলাতে আরও বেশি বেগ পেতে হয় মরক্কোর ডিফেন্ডারদের। ৬০ মিনিটে নিজের পেনাল্টি মিসের আক্ষেপ ঘুচিয়ে ম্যাচের জট খুলে দেন তিনি। দেজিরে দুয়ের পাস থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে। এটি চলতি বিশ্বকাপে তার টানা তৃতীয় গোল। আসরে এখন তার গোল ৮টি, সঙ্গে আছে ৩টি অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে শক্ত অবস্থানেই রয়েছেন তিনি।

গোল হজমের পর রক্ষণাত্মক কৌশল ছেড়ে আক্রমণে ওঠার চেষ্টা করে মরক্কো। কিন্তু সেই সুযোগই কাজে লাগায় ফ্রান্স। ৬৬ মিনিটে এমবাপের পাস থেকে একক প্রচেষ্টায় গোল করেন উসমান ডেম্বেলে। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শট জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেস ব্লু।

পুরো ম্যাচে তেমন কোনো কঠিন পরীক্ষায় পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁকে। বরং শেষ সময়েও ডেম্বেলে ও মাটেতাদের আক্রমণে ব্যস্ত ছিল মরক্কোর রক্ষণভাগ। ফরাসি ফরোয়ার্ডরা আরও কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। এতে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন এমবাপে।

আর ২০২২ বিশ্বকাপের পর এবারও ফ্রান্সের কাছেই থেমে গেল মরক্কোর বিশ্বকাপ অভিযান। একই সঙ্গে ভেঙে যায় তাদের টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

এদিকে, সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারিত হবে স্পেন-বেলজিয়াম ম্যাচের ফলাফলের ওপর। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলসে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রায় এক দশক পর বড় কোনো আসরে একে অপরের বিপক্ষে মাঠে নামছে ইউরোপের শক্তিশালী দল দুটি।

১৯৮৬ বিশ্বকাপের স্মৃতি মাথায় রেখে সতর্ক স্পেন, আর শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করলেও চমক দেখাতে আত্মবিশ্বাসী বেলজিয়াম। এই ম্যাচের বিজয়ী দল আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের, যারা প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

সব খবর

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031