বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইউজিসির সদস্য হিসেবে তিনজনের নিয়োগ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, 12:30 পিএম | ফটো কার্ড |
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নতুন তিনজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।

নিয়োগপ্রাপ্ত তিন সদস্য হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, একই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারির অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী উল্লিখিত তিনজনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সদস্যদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তারা অব্যবহিত পূর্বের পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতা প্রাপ্য হবেন। এছাড়া কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। তাদের যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।