রবিবার, ১৯ জুলাই ২০২৬

জামায়াত জোট ছাড়তে ৭ ইসলামী দলকে হেফাজতের পরামর্শ

কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলকে আবারও এক প্ল্যাটফর্মে আনতে উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম। এ লক্ষ্যে সংগঠনটির শীর্ষ আলেমরা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে থাকা দলগুলোকে সেই জোট থেকে বেরিয়ে এসে হেফাজতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নেন।

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী সংবাদমাধ্যমকে বলেন, কয়েকটি ইসলামী দল জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করেছিল। তারা সেই জোটে থাকবে নাকি হেফাজতের নেতৃত্বে আগের মতো ঐক্যবদ্ধ থাকবে-এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে জোটে থাকা দলগুলোর আলাদা হওয়ার বিষয়েও কথা হয়েছে।

সভায় উপস্থিত হেফাজতে ইসলাম ও খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস সংবাদমাধ্যমকে বলেন, আগে সাতটি ইসলামী দল একসঙ্গে ছিল। পরে কেউ বিএনপি, কেউ জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় দূরত্ব তৈরি হয়। এখন সেই বিভেদ দূর করে দলগুলোকে আবার ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি রূপরেখা তৈরির সিদ্ধান্ত হয়েছে।

তবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদমাধ্যমকে বলেন, জামায়াতের সঙ্গে জোট ছাড়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে বলে তার জানা নেই। বরং হেফাজতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও জোরদারের বিষয়েই আলোচনা হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, এটি ছিল ইসলামী দলগুলোর সঙ্গে ধারাবাহিক তৃতীয় বৈঠক এবং আগের বৈঠকগুলোর মতো এবারও জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তার ভাষ্য, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখাই এসব বৈঠকের মূল উদ্দেশ্য।

হেফাজতের নেতাদের ভাষ্য, জামায়াত কখনোই সংগঠনটির অংশ ছিল না। এখন সাতটি ইসলামী দলকে হেফাজতের নেতৃত্বে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।


ভারপ্রাপ্ত সম্পাদক: জয়নাল আবেদীন
বার্তা সম্পাদক: মিজান শরীফ