রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।  এর ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

এদিকে, তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।  শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে দিনের লেনদেন শুরু করেছে।

এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আরও জানিয়েছে, আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হামলার সুনির্দিষ্ট কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কেও এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা


ভারপ্রাপ্ত সম্পাদক: জয়নাল আবেদীন
বার্তা সম্পাদক: মিজান শরীফ